প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
লংগদুতে সেনা জোনের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে তীব্র শীতে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প সংলগ্ন হেলিপ্যাড মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ নানাবিধ শীতবস্ত্র তুলে দেন লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সব সময় দুর্গম এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকে। কনকনে শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সহায়তা একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এই উপহার পেয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট